Logo

চুয়েটে সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩৮
চুয়েটে সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) টানা ষষ্ঠ দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পৃথক কর্মসূচি পালন করেছেন।

বিকেল ৪টায় চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা অধ্যাপক সায়েমকে পুনর্বহালে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এর আগে ‘৫৬?’ লেখা কার্ড হাতে প্রতীকী প্রশ্নযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হিশাম, মৌমিতা দত্ত প্রিয়া ও রাতুল হাসান। তারা বলেন, অধ্যাপক সায়েম দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক কোলাবোরেশন অফিস, রিসার্চ হাব এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগসহ বিভিন্ন উদ্যোগ শুরু করেছিলেন। এসব উদ্যোগ বাস্তবায়নে আরও সময় প্রয়োজন ছিল বলেও তারা দাবি করেন।

শিক্ষার্থীরা বলেন, “আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি।” চুয়েট পরিবারের উদ্বেগ, দেশ-বিদেশের অ্যালামনাইদের সংহতি এবং আন্তর্জাতিক একাডেমিক মহলের সমর্থন বিবেচনায় নিয়ে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, তাদের আন্দোলন কোনো সরকারবিরোধী আন্দোলন নয়। তাদের দাবি একটাই—অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চুয়েটে গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এর পরদিন থেকে শাটডাউন কর্মসূচি শুরু হয়। অধ্যাপক সায়েম ২৭ জুলাই চুয়েটের উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন। ২১ সেপ্টেম্বর তাকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

এদিকে রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়েটের উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শিক্ষক সমিতির কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরাও এতে অংশ নেন।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চুয়েটে ক্লাস-পরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এর আগে শিক্ষক সমিতিও অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD