উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে মশাল হাতে মিছিল নিয়ে শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে তারা ‘তোমার ভিসি, আমার ভিসি; সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘উই ওয়ান্ট সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে শিক্ষার্থীদের সম্মিলিত মিছিলটি চুয়েটের যানবাহন শাখা সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে বাস্কেটবল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদের অংশ হিসেবে মোমবাতি প্রজ্বালন করেন তারা। মোমবাতি দিয়ে ‘৫৬’ সংখ্যা তৈরি করা হয়, যা অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের ৫৬ দিনকে প্রতীকীভাবে তুলে ধরে।
এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে পরবর্তী দিনের দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মশাল মিছিল সম্পর্কে পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অন্ধকারে শিক্ষার্থীদের হাতে একসঙ্গে জ্বলে ওঠা মশাল তাদের আন্দোলনের ঐক্যকে তুলে ধরেছে।
তিনি বলেন, অধ্যাপক সায়েম শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য শিক্ষক ও উপাচার্য ছিলেন। তার ৫৬ দিনের দায়িত্বকালে চুয়েট এগিয়ে যাচ্ছিল বলে তারা মনে করেন। হঠাৎ তাকে দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না।
মেহেদী হাসান আরও বলেন, অধ্যাপক সায়েমকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত তাদের দাবি ও আন্দোলন চলবে। শিক্ষার্থীদের একমাত্র দাবি তাকে আবার উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া।








