Logo

ওসমান হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২৫
ওসমান হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রবেশপথে আবারও আগের নামফলক বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নামটি লেখা হবে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরানোর কাজ শুরু হয়। এরই মধ্যে নামফলকের লেখা অপসারণের কার্যক্রম শুরু হয়েছে।

এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে গণমাধ্যমকে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘‘হল প্রশাসনের পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলা হচ্ছে।’’

বিজ্ঞাপন

তবে নামফলক সরানোর বিষয়ে হল প্রশাসনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের বিস্তারিত জানা যায়নি। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘হল অফিসে এসে যোগাযোগ করেন, যথাযথ তথ্য পেয়ে যাবেন।’

এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের প্রবেশপথের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন। সেই সময় হলের মূল নামফলকের পরিবর্তে নতুন নামটি ব্যবহার করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD