রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের বিরুদ্ধে এ সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপাচার্যের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
উপাচার্য জানান, গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সদস্যরা সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে প্রতিবেদন তৈরি করেন। বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশের বিষয়ে উপাচার্য বলেন, অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় আহসান হাবীব, বিশাল চক্রবর্তী, হাসিবুল হাসান ও আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে। আহসান হাবীব রাবি ছাত্রদলের সহসভাপতি, বিশাল চক্রবর্তী সংগঠনটির কর্মী এবং হাসিবুল হাসান শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে, আরিফুল ইসলাম শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া আরও চারজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সংশ্লিষ্ট প্রমাণাদি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। তাঁদের মধ্যে রয়েছেন রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং ছাত্রদল কর্মী তানিম রহমান।
তদন্ত কমিটির সুপারিশে সতর্ক করার কথা বলা হয়েছে শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।








