Logo

রাজধানীতে আবারও বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ২০:৪৭
রাজধানীতে আবারও বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীতে ফের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিলে আমাদের একটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

এর আগের দিন সোমবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসেও আগুন লাগানো হয়, যা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বিজ্ঞাপন

তারও আগে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আরও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত দুই দিনে রাজধানীতে নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা রুজু করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD