Logo

পুলিশের আলোচনার আহ্বান, প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২৫, ১৮:১২
পুলিশের আলোচনার আহ্বান, প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
ছবি: জনবাণী।

এক দফা দাবিতে রাজধানীতে টানা পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় অবরোধ তুলে নিয়ে সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছে পুলিশ। তবে পুলিশের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শিক্ষার্থীরা চাইলে নিজেরাই সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে কথা বলে দাবি-দাওয়ার অগ্রগতি সম্পর্কে জানতে পারেন। এতে একদিকে বিষয়টির স্পষ্ট ধারণা মিলবে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কোনো বক্তব্য বা আপত্তি থাকলে তা সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে জানানো যেতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ মোড়ে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচির কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।

বিজ্ঞাপন

তবে পুলিশের এই আলোচনার প্রস্তাব মানতে নারাজ শিক্ষার্থীরা। ঢাকা কলেজের এক শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা কোনো আলোচনায় যাচ্ছি না। দাবি বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট অগ্রগতি না হলে আন্দোলন চলতেই থাকবে।

এর আগে, আজ দুপুর ১টায় রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত অধ্যাদেশ ঘোষণার ১ দফা দাবিতে শিক্ষা ভবন মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা৷ এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র যানজটের। আর অবরোধ ঘিরে অনভিপ্রেত ঘটনা এড়াতে শিক্ষাভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। রাখা হয়েছে জলকামান এবং রায়টকারও।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায় যে সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD