Logo

ঢাকায় মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যানজট চরমে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ২০:৫৪
ঢাকায় মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যানজট চরমে
ছবি: সংগৃহীত

ঢাকার বাড্ডা-কুড়িল সড়ক এবং কারওয়ান বাজার এলাকায় মোবাইল ফোন ব্যবসায়ীরা এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার) সিস্টেমসহ বেশ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তারা আগুন জ্বালিয়ে এবং অবস্থান নিয়ে বিক্ষোভ চালায়।

অবরোধের কারণে এ রুটের অন্যতম প্রধান সড়ক প্রগতি স্বরণি রাস্তা বন্ধ থাকায় ঢাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কারওয়ান বাজারে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সার্ক ফোয়ারা মোড়েও মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী জানান, মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নেওয়ায় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ব্যবসায়ীরা দাবি করেছেন, মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা এবং এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে তাদের প্রতিবাদ। আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম কার্যক্রম শুরু হবে। এই সিস্টেমের মাধ্যমে আইএমইআই নম্বর ব্যবহার করে চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করা হবে।

বিজ্ঞাপন

তারা জানান, নতুন সিস্টেম চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং নির্দিষ্ট একটি গোষ্ঠী সুবিধা লাভ করবে। পাশাপাশি অতিরিক্ত শুল্কের কারণে মোবাইল ফোনের খুচরা মূল্যও বৃদ্ধি পাবে বলে তাদের অভিযোগ।

এর আগে, ৭ ডিসেম্বর ব্যবসায়ীরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান করেছিলেন। তারা বারবার এই দাবিতে আন্দোলন করছে যে নতুন নীতি ব্যবসায়ীদের জন্য ন্যায্য নয় এবং সাধারণ ভোক্তাও এর প্রভাবভোগী হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD