৩০ মিনিটের মধ্যে অবৈধ কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ ডিএসসিসি’র

রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় গড়ে ওঠা সব অবৈধ বাস কাউন্টার ৩০ মিনিটের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনাকালে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিযান শুরুর পরপরই কাউন্টার মালিকদের ৩০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়।
দুপুর সোয়া ১২টায় অভিযান শুরু হলে মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে, অনুমোদনবিহীন সব কাউন্টার অবিলম্বে সরিয়ে নিতে হবে। এ সময় যাত্রাবাড়ী ও ওয়ারী থানা পুলিশ এবং ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা শুরু করে ১২টার পর।
আরও পড়ুন: রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
বিজ্ঞাপন
জানা গেছে, অভিযান পরিচালনা শুরুর আগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্চ পর্যায়ের একটি টিমের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয় বাস মালিকদের। এতে অভিযান পরিচালনা শুরু করতে নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘণ্টার বেশি সময় দেরি হয়।
অভিযানের সময় কাউন্টার মালিকদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা গেলেও পুলিশ ও ডিএসসিসির কর্মকর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। ৩০ মিনিটের মধ্যে কাউন্টার সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।








