Logo

রাজধানীতে ‘ফুয়েল পাস’ ছাড়া জ্বালানি মিলবে না ৭ স্টেশনে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১২:৫৭
রাজধানীতে ‘ফুয়েল পাস’ ছাড়া জ্বালানি মিলবে না ৭ স্টেশনে
ছবি: সংগৃহীত

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা বাড়ানো ও ভোক্তাদের ভোগান্তি কমাতে নতুন ডিজিটাল উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) থেকে রাজধানীর সাতটি নির্দিষ্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য এই অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে এসব স্টেশন থেকে পেট্রোল বা অকটেন নিতে হলে ‘ফুয়েল পাস’ ব্যবহার করতেই হবে।

প্রথমদিকে পরীক্ষামূলকভাবে মাত্র দুটি ফিলিং স্টেশনে এই সেবা চালু করা হয়েছিল। তবে নতুন করে আরও পাঁচটি স্টেশন যুক্ত হওয়ায় এখন মোট সাতটি পাম্পে এই ডিজিটাল ব্যবস্থা কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, এই প্রযুক্তিনির্ভর পদ্ধতির মাধ্যমে জ্বালানি বিতরণ প্রক্রিয়া আরও স্বয়ংক্রিয় হবে। ফলে দীর্ঘ সারি, অনিয়ম এবং কৃত্রিম সংকট অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, এই সিস্টেমটি বিআরটিএর কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকায় ব্যবহারকারীদের জন্য নির্ধারিত জ্বালানির পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত থাকবে।

সেবা গ্রহণ করতে হলে ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাস’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড প্রিন্ট করেও এই সুবিধা নিতে পারবেন।

বিজ্ঞাপন

বর্তমানে রাজধানীর যে সাতটি ফিলিং স্টেশনে এই সেবা চালু হয়েছে সেগুলো হলো— তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ধাপে ধাপে এই ব্যবস্থা সম্প্রসারণ করা হলে দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD