Logo

নববর্ষ ঘিরে জমজমাট রাজধানীর মার্কেট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১২:১৯
নববর্ষ ঘিরে জমজমাট রাজধানীর মার্কেট
ছবি: সংগৃহীত

চৈত্রের শেষ দিনে এসে বাংলা বছরের বিদায়ের ক্ষণ ঘনিয়ে এসেছে। সামনে পহেলা বৈশাখ—নতুন বছরকে বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগরবাসী। এরই প্রভাবে রাজধানীর বিপণিবিতানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড় ও বিক্রি।

বিজ্ঞাপন

বৈশাখকে ঘিরে দেশজুড়ে এখন উৎসবের আবহ। অভিজাত বুটিক হাউস থেকে শুরু করে সাধারণ মার্কেট—সবখানেই উপচে পড়া ভিড়। নতুন বছরের পোশাক কিনতে নারী-পুরুষ সবার মধ্যেই দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ।

ক্রেতাদের অনেকে জানান, নতুন বছর উপলক্ষে নতুন পোশাক কেনা যেন এক ধরনের ঐতিহ্য। কেউ শাড়ি পরে অফিসে যাওয়ার পরিকল্পনা করছেন, কেউবা উৎসবের দিনটিকে আরও বিশেষভাবে উদযাপন করতে চান।

বিজ্ঞাপন

শাড়ি ও পাঞ্জাবিই এবারও পছন্দের তালিকার শীর্ষে। তবে আগের মতো শুধু লাল-সাদায় সীমাবদ্ধ না থেকে এখন বিভিন্ন রঙের পোশাকের প্রতিও ঝোঁক বাড়ছে। সিল্ক, এন্ডি সিল্ক ও কটনসহ নানা ধরনের কাপড়ের পোশাকের চাহিদাও বেড়েছে।

শুধু পোশাক নয়, ঘর সাজাতেও ব্যস্ত অনেকেই। আলপনা, মাটির তৈরি সরা, রিকশা পেইন্টের সামগ্রী দিয়ে ঘরে আনা হচ্ছে বাঙালিয়ানার ছোঁয়া। নতুন ফুল, থালা-বাসন ও মিষ্টি দিয়ে উৎসবের পরিবেশ তৈরি করার পরিকল্পনাও করছেন অনেক পরিবার।

ব্যবসায়ীরা জানান, ঈদের পর কিছুটা সময় পাওয়ায় এবারের বৈশাখে ক্রেতাদের সাড়া ভালো। বিশেষ করে লাল-সাদা শাড়ি ও বিভিন্ন ব্লক প্রিন্টের পোশাক বেশি বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

নববর্ষকে ঘিরে শুধু কেনাকাটাই নয়, নতুন উদ্দীপনায় জীবনকে সাজানোর প্রস্তুতিও নিচ্ছেন মানুষ। নতুন বছরের এই উৎসব যেন হয়ে উঠছে বাঙালিয়ানার এক প্রাণবন্ত উদযাপন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD