ঘণ্টাখানেকের বৃষ্টিতে তলিয়ে গেল বিভিন্ন এলাকা, চরম দুর্ভোগে রাজধানীবাসী

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শুক্রবার (১২ জুন) বিকেলে টানা বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় এক ঘণ্টার বৃষ্টিতেই অনেক সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
বিজ্ঞাপন
দুপুরের পর শুরু হওয়া বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে কর্মস্থল থেকে ফেরা মানুষ, পথচারী এবং যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। জলাবদ্ধতার কারণে অনেক সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।
তবে নগরজীবনের এই দুর্ভোগের মাঝেও ভিন্ন এক চিত্র দেখা গেছে রাজধানীর কিছু এলাকায়। কোথাও কোথাও জমে থাকা বৃষ্টির পানিতে শিশুদের খেলাধুলা করতে দেখা যায়। ফলে একদিকে যেমন নগরবাসীর ভোগান্তি ছিল, অন্যদিকে শিশুদের আনন্দ-উচ্ছ্বাসও চোখে পড়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এদিকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন নিচু সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমার খবর পাওয়া গেছে। আকস্মিক বৃষ্টিতে বিপাকে পড়েন পথচারী, মোটরসাইকেল আরোহী এবং সাধারণ যাত্রীরা। বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
বিজ্ঞাপন
নগরবাসীর অভিযোগ, সামান্য সময়ের ভারী বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।








