Logo

নতুন বাজেট দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত সংস্কার হবে না

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জুন, ২০২৬, ১৭:০৪
নতুন বাজেট দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত সংস্কার হবে না
ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের প্রস্তাবিত নতুন বাজেট দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত সংস্কার আনতে সক্ষম হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১২ জুন) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে প্রায় ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, দেশের ইতিহাসে এত বড় অঙ্কের রাজস্ব আদায়ের নজির নেই। বিদ্যমান কর ও রাজস্ব কাঠামোর মধ্যে থেকে এই লক্ষ্যমাত্রা অর্জন করা অত্যন্ত কঠিন।

তিনি বলেন, সরকার যে বাজেট প্রস্তাব করেছে তা অত্যন্ত উচ্চাভিলাষী। বাজেট ঘোষণার আগে প্রত্যাশা ছিল, এর মাধ্যমে অর্থনীতিতে বড় ধরনের সংস্কার কার্যক্রমের সূচনা হবে। তবে প্রস্তাবিত বাজেটের সামগ্রিক কাঠামো পর্যালোচনা করলে তেমন কোনো সংস্কারের ইঙ্গিত পাওয়া যায় না।

বিজ্ঞাপন

বাজেটের কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, কয়েকটি ক্ষেত্রে সরকার সৃজনশীল উদ্যোগ নিয়েছে। কিছু পণ্যের ওপর কর কমানো হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এসব পদক্ষেপ ইতিবাচক হলেও বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে।

সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এত অল্প সময়ের ব্যবধানে অতীতে কখনো বিদ্যুতের দাম এভাবে বৃদ্ধি করা হয়নি। বর্তমানে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে। এ পরিস্থিতিতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার দাবিতে ১১ দলীয় জোট দেশের প্রতিটি বিভাগে কর্মসূচি পালন করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বাজেটে সুশাসনের ঘাটতি এবং দুর্নীতির ঝুঁকির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো— এই বাজেট দুর্নীতি প্রতিরোধে কী ভূমিকা রাখবে। কিন্তু বাজেটে সে বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।

তার ভাষ্য, বড় আকারের বাজেটের সঙ্গে বড় ধরনের দুর্নীতির ঝুঁকিও তৈরি হয়। বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচি, কার্ড বিতরণ কিংবা খাল খননের মতো প্রকল্পে বরাদ্দ বণ্টনের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ রয়েছে। ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা সুবিধা পেলেও বিরোধী দলের প্রতিনিধিরা বঞ্চিত হচ্ছেন বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম আরও বলেন, জবাবদিহিতার অভাব দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করছে। একই সঙ্গে বাজেটে দুর্নীতি, অর্থ পাচার এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপের উল্লেখ না থাকাও উদ্বেগজনক। তার মতে, এসব মৌলিক সমস্যার সমাধানে সুস্পষ্ট উদ্যোগ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কার প্রত্যাশিত ফল দেবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD