Logo

মসজিদ থেকে বেরিয়ে শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জুন, ২০২৬, ১৪:৪১
মসজিদ থেকে বেরিয়ে শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বড় ভাই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) রাতে দাউদকান্দি উপজেলার মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকায় অবস্থান শেষে দাউদকান্দিতে যান জিসান প্রধান। তার গ্রামের বাড়ি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে যাওয়ার কথা ছিল। পথে তিনি দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। এরপর আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে সর্বশেষ বৃহস্পতিবার রাত ৮টা ২৯ মিনিটে অনলাইন দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

এদিকে নিখোঁজের ঘটনায় জিসান প্রধানের বড় ভাই দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং ফেসবুক আইডিও নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

জিসানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহমেদ বলেন, “গত রাতে ভাইয়ের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু এশার নামাজের পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং ফেসবুকও ডিঅ্যাক্টিভ করা হয়েছে। থানায় অভিযোগ করেছি, তবে এখনো কোনো সন্ধান মেলেনি।”

দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, জিসান ঢাকায় থেকে দাউদকান্দিতে এসে মসজিদে নামাজ আদায়ের পর বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি আর ফেরেননি। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. সামছুল আলম প্রধান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD