পাঁচ বছরে ৫ লাখ গাছ লাগাবে এ্যাব

দেশজুড়ে পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। একই সঙ্গে শিশুদের পরিবেশ সচেতন করে তুলতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিরও উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জুলাই) সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ্যাবের পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর উদ্যোগ দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির প্রশংসা করেন এবং সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ বা ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ।
বিজ্ঞাপন
স্বাগত বক্তব্য দেন বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহ জামান খান তুহিন। বক্তারা পরিবেশ সংরক্ষণে সরকার, পেশাজীবী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। তিনি জানান, উদ্বোধনের অংশ হিসেবে বিএলআরআই প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির সূচনা করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে এ্যাবের জেলা ও উপজেলা শাখাগুলো দেশজুড়ে কাজ করবে।
অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাবের সদস্যসচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। পরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করেন।








