Logo

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধে অচল ধানমন্ডি–নিউমার্কেট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ১২:৫৭
সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধে অচল ধানমন্ডি–নিউমার্কেট
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া এ কর্মসূচির কারণে ধানমন্ডি–নিউমার্কেট এলাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এর ফলে ধানমন্ডি থেকে নিউমার্কেট এবং নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী—উভয় দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ব্যস্ত এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোতেও যানজট দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে দেখা যায়, কয়েকশ শিক্ষার্থী সড়কে বসে ও দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের মুখে বারবার শোনা যায়, ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’। পাশাপাশি ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’ এবং ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী’সহ বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।

অবরোধের কারণে ধানমন্ডি ও নিউমার্কেটের মধ্যকার গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সারিতে আটকে থাকতে দেখা যায় বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে সারা দেশের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে তারা আন্দোলনে নেমেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিক্ষোভ চলাকালে ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় কিছু শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকদের কথাকাটাকাটি হলে সেখানে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে অন্য শিক্ষক ও উপস্থিত ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

অবরোধকে কেন্দ্র করে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD