Logo

এবার সংসদ অভিমুখে আন্দোলনরত পরীক্ষার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ১৮:১১
এবার সংসদ অভিমুখে আন্দোলনরত পরীক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে নতুন আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি পূরণে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে তারা সাইন্সল্যাব থেকে সংসদ ভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে, বিকেল ৫টার সময় সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বলেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গতকাল (১৩ জুলাই) অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে। একই সঙ্গে আগামীকালের পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। প্রশ্নপত্রের মানদণ্ডও অবশ্যই শিক্ষার্থীবান্ধব হতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, সকাল থেকে টানা কর্মসূচি চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনায় আসেননি। এ কারণে দাবি আদায়ে তারা আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন এবং জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলনের মাঠ ছাড়বেন না।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD