মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩ জন গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে বিভিন্ন ধরনের ৪৬৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে পরিচালিত অভিযানে এই অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) এবং মো. রাজন (৩৪)। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিএমপি জানায়, রাজধানীতে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধে ধারালো অস্ত্র ব্যবহারের ঘটনা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মতিঝিল বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় বিভিন্ন দোকান ও বিক্রয়কেন্দ্রে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বড় আকারের চাপাতি, বিভিন্ন ধরনের ধারালো ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল অস্ত্রের মতো দেখতে খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক।
বিজ্ঞাপন
পুলিশের ভাষ্য, এসব সরঞ্জামের একটি অংশ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা থাকায় সেগুলোর বিক্রি ও সরবরাহের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে রাজধানীতে ছিনতাই ও সহিংস অপরাধে ধারালো অস্ত্র ব্যবহারের প্রবণতা ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিএমপি আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস, কীভাবে সেগুলো বাজারে এসেছে এবং এগুলোর সম্ভাব্য ক্রেতাদের বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ ধরনের অস্ত্রের সরবরাহ নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রাজধানীতে অবৈধভাবে বিপজ্জনক অস্ত্র বিক্রি ও সরবরাহ বন্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।








