উত্তরা থেকে আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান শাহীন গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি অপহরণ মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ডিসি জানান, রবিবার রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে শাহীনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের নেতা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
মির্জা তারেক আহমেদ বেগ বলেন, শাহীনুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা রয়েছে। উত্তরা ক্লাবের পাশে ওই অপহরণের ঘটনা ঘটে। ওই মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের এই কর্মকর্তা জানান, উত্তরা এলাকায় ব্যবসা করতেন শাহীনুজ্জামান। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে—এ বিষয়টি তিনি নিজে জানতেন না।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কাঁচি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহীনুজ্জামান। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য।
বিজ্ঞাপন
শাহীনুজ্জামানের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, জানতে চাইলে ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








