মালিবাগের পর আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগের পর এবার আগারগাঁও, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে এসব বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
শুক্রবার সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে মহাখালী এলাকাতেও পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গেছে।
এরপর রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ের ট্রাফিক বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েক মিনিটের ব্যবধানে সেখানে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকায় যানবাহন ও মানুষের চলাচল ছিল। বিস্ফোরণের শব্দে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য আশপাশের দোকান ও ভবনে চলে যান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার হাসেনুর রহমান জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
এর আগে শুক্রবার বিকেলে মালিবাগ রেলগেট সংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে এ বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছিল। ওই ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
এদিন রাজধানীর একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সেদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি এবং পরে টিএসসি এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই দিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকাতেও চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানীর সাম্প্রতিক এসব বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে আগারগাঁও, মহাখালী ও যাত্রাবাড়ীর শুক্রবারের বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।








