Logo

বর্জ্য দিলেই ভাসমান বাজারে মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৩
বর্জ্য দিলেই ভাসমান বাজারে মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য
ছবি : এআই দিয়ে তৈরি

বুড়িগঙ্গা নদীর দূষণ কমানো এবং নগরবাসীকে বর্জ্য ব্যবস্থাপনায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ নামে এই কর্মসূচিতে নদীতীর থেকে সংগ্রহ করা বর্জ্য জমা দিলে বিনিময়ে পাওয়া যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সোয়ারীঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি লঞ্চকে সাজিয়ে তৈরি করা হয় অস্থায়ী ভাসমান বাজার। বুড়িগঙ্গার তীরে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে জমা দেওয়ার পর অংশগ্রহণকারীদের উপহার হিসেবে প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, প্রাচীন ঢাকার বিকাশে বুড়িগঙ্গা নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই নদী দখল ও অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে দীর্ঘদিন ধরে দূষণের শিকার হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, একদিনে বুড়িগঙ্গার সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। তবে এ ধরনের উদ্যোগের মাধ্যমে নদীতীরের বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা তৈরি করা সম্ভব।

ডিএসসিসি প্রশাসক জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর ৭৫টি ওয়ার্ডে তিন মাসের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিদিন নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি প্রতি শনিবার বিশেষ অভিযান পরিচালনা করা হবে। দায়িত্ব পালনে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। কোনো এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বর্জ্যকে বোঝা হিসেবে না দেখে সম্পদে পরিণত করার ওপরও গুরুত্ব দেন প্রশাসক। তার ভাষ্য, বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ি বা আশপাশে দীর্ঘ সময় পানি জমে থাকলে এডিস মশার প্রজনন বাড়ে। ডাবের খোসা, এসি, ছাদ ও ড্রেনসহ বিভিন্ন স্থানে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে নজর রাখার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD