Logo

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, চলবে তিন মাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪১
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, চলবে তিন মাস
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএসসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে এ ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পরিচালিত হয়।

সিটি করপোরেশন জানিয়েছে, আগামী তিন মাস প্রতি শনিবার একইভাবে সব ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অব্যাহত থাকবে।

কর্মসূচির আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস, মশক নিধন কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা অভিযান গতিশীল করা এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, আবাসিক এলাকা, সড়ক, অলিগলি, ড্রেন, নালা, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা, ছাদ ও পরিত্যক্ত স্থাপনাসহ বিভিন্ন স্থানে নিবিড়ভাবে অভিযান পরিচালনা করা হয়। কোথাও জমে থাকা পানি পাওয়া গেলে তা অপসারণ করা হয়েছে। এডিস মশার লার্ভা শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে ডাব ও নারকেলের খোসা, প্লাস্টিকের পাত্র, পুরোনো টায়ার, ফুলের টবসহ যেসব পরিত্যক্ত সামগ্রীতে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে, সেগুলোও সরিয়ে ফেলা হয়। পাশাপাশি নির্ধারিত এলাকায় লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকা থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে।

নগরবাসীকে সম্পৃক্ত করতে একই দিনে ৭৫টি ওয়ার্ডে সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়। এতে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। র‌্যালি থেকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়। বিতরণ করা হয় ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেটও।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি। এ কারণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার মাঠপর্যায়ে তদারকি আরও জোরদার করা হবে।

ডেঙ্গুর ঝুঁকি কমাতে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে ডিএসসিসি। একই সঙ্গে কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও নজর দেওয়ার অনুরোধ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD