Logo

গুলিস্তানে পরিবহন ব্যবসা নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১৯:৩২
গুলিস্তানে পরিবহন ব্যবসা নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে চারটার দিকে সংঘর্ষ বাধে। এতে পল্টন থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জাফর খান মনা, মতিঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ ও ওয়ারী থানা যুবদলের সভাপতি প্রার্থী আবদুল্লাহ জায়েদ ডেভিড আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে জাফর খান মনার অবস্থা গুরুতর। তাকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এমদাদ পাটোয়ারী বলেন, ‘পল্টন থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জাফর খান মনা, মতিঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ এবং ওয়ারী থানা যুবদলের সভাপতি প্রার্থী আবদুল্লাহ জায়েদ ডেভিড হঠাৎ এসে গুলিস্তানে বিআরটিসি কাউন্টারে হামলা ও লুটপাট চালায়। এতে সাধারণ শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যেহেতু যুবদলের রাজনীতির পাশাপাশি আমি শ্রমিক রাজনীতির সঙ্গেও জড়িত, সেখানে আমার সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালালে শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।’

বিজ্ঞাপন

তবে এই অভিযোগ অস্বীকার করে আহত যুবদল নেতা আবদুল্লাহ জায়েদ ডেভিড ভিন্ন কথা জানান। তিনি বলেন, ‘আমরা ওসমানী পার্ক এলাকায় ঘুরতে গেলে এমদাদ পাটোয়ারীর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমরা এখন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে বক্তব্য জানার জন্য মতিঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD