সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভবনটির দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বিজ্ঞাপন
২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিনগত রাত ১টা ৫২ মিনিটে অন্তর্বর্তী সরকারের সময়ে সচিবালয়ে গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে যায় পাঁচটি মন্ত্রণালয়। নয়তলা একটি ভবনে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু; ডাক ও টেলিযোগাযোগ; যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়।
তখন আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় মো. সোহানুর জামান নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছিলেন।
বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর (কেপিআই) একটি। সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থাপনাটির নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা বিশেষ গুরুত্ব বহন করে।
বিজ্ঞাপন








