Logo

খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৪:০৩
খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ
ফাইল ছবি

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যাকাণ্ড এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা চারটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন স্থগিতের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করতে চেয়ে আবেদন করা হয়েছে আপিল বিভাগের চেম্বার আদালতে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ মার্চ) বিচারপতি এস এম এমদাদুল হকের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের করা চারটি পৃথক আবেদন শুনানির জন্য নির্ধারিত রয়েছে।

এর আগে গত ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট মামলাগুলোতে রুল জারি করে তাকে জামিন দেন। পরে ওই আদেশ স্থগিতের আবেদন নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতের দ্বারস্থ হয় রাষ্ট্রপক্ষ।

বিজ্ঞাপন

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, সারা হোসেন ও সাঈদ আহমেদ রাজা। তাদের সঙ্গে আইনজীবী মোনায়েম নবী শাহীনও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ।

আদালত সূত্র জানায়, গত ৮ মার্চের পর হাইকোর্ট থেকে তিনি আরও একটি মামলায় জামিন লাভ করেন। তবে নিম্ন আদালতে আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করায় আপাতত কারামুক্তি মিলছে না।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

এ মামলার পাশাপাশি তার বিরুদ্ধে আরও একাধিক মামলা দায়ের করা হয়। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন একটি মামলা করেন। এর আগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একই ধরনের অভিযোগে মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া।

এছাড়া একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২৫ আগস্ট আরেকটি মামলা করেন নুরুল ইসলাম মোল্লা নামে এক ব্যক্তি। এরও আগে ৪ আগস্ট প্লট জালিয়াতির মাধ্যমে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

এসব মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নাকচ হওয়ার পর তিনি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন। পরবর্তীতে হাইকোর্ট পাঁচটি মামলায় জামিন প্রশ্নে রুল জারি করে।

উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার দায়িত্ব গ্রহণ কার্যকর হয়। তিনি ২০১১ সালের ১৭ মে অবসরে যান। অবসরের পর বিভিন্ন সময় তিন দফায় তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD