জামিন পেলেন ইনু, মেনন ও সাবেক বিচারপতি মানিক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, আজ সকালে কড়া নিরাপত্তায় তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে হাসানুল হক ইনুকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। দীর্ঘ শুনানি শেষে আদালত তিনজনেরই জামিন মঞ্জুর করার সিদ্ধান্ত দেন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি এই একই মামলায় রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে এই মানহানি মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
বিজ্ঞাপন
বিচারপতি মানিক: ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। এছাড়া ২০২১ সালে এক সেমিনারে তিনি বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন।’
হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন: ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তারা জিয়াউর রহমান ও জিয়া পরিবার সম্পর্কে বিভিন্ন কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেন।
বিজ্ঞাপন
আদালত সূত্রে আরও জানা গেছে, এই মামলায় জামিন পেলেও আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একাধিক হত্যা মামলা ও অন্যান্য ফৌজদারি অপরাধের মামলা থাকায় তারা এখনই কারামুক্তি পাচ্ছেন না।








