আবারও ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
রবিবার (২৯ মার্চ) পূর্বের পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আংশিকভাবে আবেদন মঞ্জুর করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান।
বিজ্ঞাপন
এর আগে, গত ২৩ মার্চ গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ২৪ মার্চ একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং মানবপাচারের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন তিনি। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় এ মামলা দায়ের করেন আফিয়া ওভারসিজের স্বত্বাধিকারী আলতাব খান।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে এবং সংশ্লিষ্টদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।








