Logo

৬ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১৮:৪৩
৬ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানকালে ঢাকার মিরপুরে দেলোয়ার হোসেন হত্যার ঘটনায় বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন, আফজাল নাছেরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৩টা ২০ মিনিটে দেলোয়ার হোসেন মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান করছিলেন। এ সময় আফজাল নাছেরের নির্দেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ৫০০–৭০০ সন্ত্রাসী নির্বিচারে গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে অবস্থা অবনতি হওয়ায় পরদিন ২০ জুলাই উন্নত চিকিৎসার জন্য শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তিনি মারা যান। ভুক্তভোগীর পরিবার মামলাটি দায়ের করেন।

রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে আফজাল নাছেরের মামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তার কারণে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বিজ্ঞাপন

আফজাল নাছের নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিলের বাসিন্দা। ১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD