ওসমান হাদি হত্যা মামলা : ৩ দিনের রিমান্ড অস্ত্র বিক্রেতা হেলাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
এর আগে একই দিনে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা হেলালকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশীদ। তবে আসামি পক্ষ থেকে কোনো আইনজীবী ছিলেন না।
শুনানির সময় আদালত আসামি হেলালের কাছে জানতে চান, তার কোনো বক্তব্য আছে কি না। তিনি তখন আদালতকে জানান, তার কোনো বক্তব্য নেই। এরপর বিচারক শুনানি শেষে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের চকবাজার থানাধীন হারেছ শাহ মাজার লেন এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামে একটি অস্ত্রের দোকানের মালিক।
মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।








