কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচন করতে চান ব্যারিস্টার সুমন, করলেন রিট

কারাগারে অবস্থান করেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অনুমতি চেয়ে এই আইনি পদক্ষেপ নেওয়া নিয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার সুমনের পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ এ রিট দায়ের করেন।
আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকার জেলা প্রশাসককে রিটে বিবাদী করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে আসন্ন ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ দিতে ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। ওই আবেদনে বলা হয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নির্ধারিত ফরমে প্রার্থীর স্বাক্ষর বাধ্যতামূলক। কিন্তু কারাগারে থাকায় ব্যারিস্টার সুমনের পক্ষে সরাসরি সেই স্বাক্ষর করা সম্ভব হচ্ছে না।
আইনজীবী লিটন আহমেদ আবেদনপত্রে উল্লেখ করেন, ব্যারিস্টার সুমন ‘বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬’-এ প্রার্থী হতে আগ্রহী। সে কারণে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে তার স্বাক্ষরের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধও জানানো হয়।
বিজ্ঞাপন
তবে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টের শরণাপন্ন হন তিনি। রিটের মাধ্যমে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে, যাতে কারাগার থেকেই তিনি মনোনয়নপত্রে স্বাক্ষর করে নির্বাচনে অংশ নিতে পারেন।
আইনজীবীর দাবি, একজন প্রার্থী হিসেবে তার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতেই এই রিট দায়ের করা হয়েছে। এখন এ বিষয়ে হাইকোর্ট কী নির্দেশনা দেন, সেটিই দেখার অপেক্ষা।








