Logo

হাদি হত্যা মামলা : তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল, ২০২৬, ১৮:১৭
হাদি হত্যা মামলা : তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছাল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি | ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ৫ মে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

রবিবার (১৯ এপ্রিল) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন থাকলেও নির্ধারিত সময়ে তা আদালতে উপস্থাপন করতে পারেনি তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ অবস্থায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রুকনুজ্জামান।

বিজ্ঞাপন

এ নিয়ে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় মোট ১২ দফা পিছিয়ে গেল, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন উঠছে।

ঘটনার পটভূমিতে জানা যায়, শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়।

এই ঘটনার দুই দিন পর, ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শরিফ ওসমান বিন হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মামলাটি তদন্ত করে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে। তবে মামলার বাদী ওই অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে আদালতে নারাজি আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত পুনরায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেন।

বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান থাকলেও বারবার প্রতিবেদন দাখিলে বিলম্ব হওয়ায় বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD