শহীদ ওসমান হাদীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর দেওয়া জবানবন্দিকে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল এই সিদ্ধান্ত দেন। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি উপস্থাপন করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এ সময় প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, সহিদুল ইসলাম সরদারসহ সংশ্লিষ্ট অন্য আইন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এমপি আমির হামজাকে আবারও লিগ্যাল নোটিশ
জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি শহীদ ওসমান হাদীর জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন করে প্রসিকিউশন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর তার মাধ্যমে উপস্থাপিত ওই জবানবন্দি আদালত গ্রহণ করে। তদন্ত কর্মকর্তা ১৯ এপ্রিল থেকে সাক্ষ্য প্রদান শুরু করে এদিন তা সম্পন্ন করেন। এই মামলায় এখন পর্যন্ত মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ জানান, শহীদ ওসমান হাদি জীবিত অবস্থায় তদন্ত কর্মকর্তার কাছে গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছিলেন। পরে দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হন। আইনি বিধান অনুযায়ী, নিহত ব্যক্তির পূর্বে দেওয়া জবানবন্দি আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হলে তা গ্রহণযোগ্য হয়। সেই বিধান অনুসারেই ট্রাইব্যুনাল তার জবানবন্দি গ্রহণ করেছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শহীদ ওসমান হাদি। গত বছরের ১২ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।
এর আগে, চলতি বছরের ২২ জানুয়ারি এই মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন এবং ওয়ালি আসিফ ইনান।








