Logo

তনু হত্যা: রিমান্ড শেষে কারাগারে হাফিজুর, চলছে ডিএনএ পরীক্ষা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল, ২০২৬, ১৮:৫৪
তনু হত্যা: রিমান্ড শেষে কারাগারে হাফিজুর, চলছে ডিএনএ পরীক্ষা
সোহাগী জাহান তনু | ফাইল ছবি

দীর্ঘ এক দশক পর নতুন মোড় নেওয়া সোহাগী জাহান তনু হত্যা মামলা মামলায় গ্রেপ্তার হওয়া ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আমান এ আদেশ দেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তদন্তকারী সংস্থা আসামিকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের বিভিন্ন দিক পর্যালোচনা করে পরবর্তী তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, মামলায় এখনো অন্য কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তারের বিষয়ে নতুন কোনো অগ্রগতি হয়নি।

বিজ্ঞাপন

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ডিএনএ ক্রস-ম্যাচিংয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তকারীরা আশা করছেন, এই পরীক্ষার ফল মামলার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে গত বুধবার গ্রেপ্তারের পর হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হলে মমিনুল হক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেই সময় তদন্ত কর্মকর্তারা দাবি করেছিলেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ এপ্রিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং দ্রুত বিচার দাবিতে বিভিন্ন মহলে প্রতিবাদ গড়ে ওঠে।

দীর্ঘ সময় তদন্ত চলার পর সম্প্রতি মামলায় নতুন অগ্রগতির অংশ হিসেবে আদালত তিনজনের ডিএনএ নমুনা মিলিয়ে দেখার নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলাটি আবারও আলোচনায় এসেছে।

তনুর পরিবার ও সংশ্লিষ্টরা এখনও এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার ও প্রকৃত অপরাধীদের শনাক্তের অপেক্ষায় রয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD