Logo

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ১১:২৫
মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এ শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

শুনানিতে প্রথমে প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন (ডিসচার্জ) জানাবেন। এর আগে গত ১৫ এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনে তা দ্বিতীয়বারের মতো পিছিয়ে আজকের তারিখ নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

পূর্ববর্তী শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—মোহাম্মদপুর থানা শাখা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

অন্য আসামিদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন উল্লেখযোগ্য। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ৮ এপ্রিল শুনানির দিন থাকলেও প্রয়োজনীয় নথি না পাওয়ার অভিযোগে আসামিপক্ষ সময়ের আবেদন করে। পরে চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামিদের উসকানি ও প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণে নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD