Logo

হয়রানি বন্ধে নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ২০:৫২
হয়রানি বন্ধে নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে একের পর এক মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

রবিবার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং আইনজীবী মোতাহার হোসেন সাজু।

বিজ্ঞাপন

শুনানি শেষে মোতাহার হোসেন সাজু জানান, সেলিনা হায়াৎ আইভী ইতোমধ্যে ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে এর মধ্যেই নতুন করে আরও দুটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই ধারাবাহিক প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট আবেদন করা হয়।

আদালত রুলে জানতে চেয়েছেন, একের পর এক মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শোন অ্যারেস্ট দেখানো কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার বা হয়রানি থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা মামলায় গত ১৩ এপ্রিল কারাগারে থাকা অবস্থায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। এর ফলে বর্তমানে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আইনজীবীদের মতে, একই ব্যক্তিকে ধারাবাহিকভাবে একাধিক মামলায় শোন অ্যারেস্ট দেখানোর বিষয়টি ব্যক্তিস্বাধীনতা, ন্যায়বিচার এবং আইনের যথাযথ প্রয়োগের প্রশ্ন তুলে। হাইকোর্টের এ আদেশ সেই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD