হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুনানি শেষে তিনি জানান, আমির হামজাকে ৮ সপ্তাহ বা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগাম জামিন দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাকে সিরাজগঞ্জের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে হবে।
এর আগে একই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন সংসদ সদস্য আমির হামজা।
বিজ্ঞাপন
গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-কে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে এ আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, এর আগে তাকে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হলেও নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বিজ্ঞাপন
মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। অভিযোগে বলা হয়, এক বক্তব্যে ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে আপত্তিকর মন্তব্য করেন আমির হামজা। এছাড়া ধর্মীয় বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।








