সংরক্ষিত আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পেতে আইনের দ্বারস্থ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন: হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন
এর আগে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা না দেওয়ার কারণে গত ২২ এপ্রিল তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
কমিশনের তথ্য অনুযায়ী, সেদিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল। তবে নুসরাত তাবাসসুম তার কাগজপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে, যা নির্ধারিত সময়ের বাইরে হওয়ায় তা গ্রহণ করা হয়নি।
এই একই দিনে এনসিপির আরেক নেত্রী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্রও বাতিল করা হয়। পরে আপিল করলেও তিনি প্রার্থিতা ফিরে পাননি।
বিজ্ঞাপন
আগামী ১২ মে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সময়সীমা অতিক্রম করায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নুসরাত তাবাসসুম নির্বাচনী প্রক্রিয়া থেকে ছিটকে পড়েন। এখন হাইকোর্টের রায়ের ওপরই নির্ভর করছে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনা।








