Logo

দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল, ২০২৬, ১২:৩৫
দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

বিজ্ঞাপন

আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।

এর আগে, গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। হাইকোর্ট এক পর্যায়ে পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সেসব মামলায়ও জামিন মেলে। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সেই জামিন আদেশও স্থগিত করা হয়।

এদিকে, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সর্বশেষ সেই দুটি মামলাতেই হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক এই মেয়র।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD