৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন। আদালতে ইমির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
আরও পড়ুন: দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন
ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। পরবর্তীতে রিকশায় মাইক ব্যবহার করে ভাষণ প্রচারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এতে বাধা দেন। তাদের মধ্যে ছিলেন ডাকসুর সঙ্গে সংশ্লিষ্ট এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির।
বিজ্ঞাপন
এক পর্যায়ে বাধার মুখে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ ইমি ও আরও একজনকে জোরপূর্বক শাহবাগ থানায় নিয়ে যান। এরপর পুলিশ তাদের হেফাজতে নেয় এবং রাতেই আটক রাখে।
পরদিন রবিবার আটক তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করে। পরবর্তীতে সেই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন শেখ তাসনিম আফরোজ ইমি।








