Logo

শাপলা চত্বরেই ৩২ জন নিহতের তথ্য উঠে এসেছে তদন্তে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ২০:০১
শাপলা চত্বরেই ৩২ জন নিহতের তথ্য উঠে এসেছে তদন্তে
ছবি: সংগৃহীত

এক যুগ আগে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে নতুন করে উঠে এসেছে প্রাণহানির গুরুত্বপূর্ণ তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই ঘটনায় শুধুমাত্র ঢাকাতেই অন্তত ৩২ জন নিহত হয়েছেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শাপলা চত্বরকেন্দ্রিক ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহতের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যারা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এছাড়া দেশের অন্যান্য স্থানেও সহিংসতার আলামত পাওয়া গেছে, যা তদন্তের আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

তদন্ত সংস্থার দাবি, এ ঘটনায় জড়িতদের মধ্যে শুধু ঘটনাস্থলে সরাসরি অংশগ্রহণকারীরাই নন, বরং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্য এবং অর্থ জোগানদাতাদেরও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

চিফ প্রসিকিউটর জানান, মামলার তদন্ত প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে। এরপর তা যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

এ মামলায় ইতোমধ্যে ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, সাবেক উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

বিজ্ঞাপন

গত ৫ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় চাওয়া হলে আদালত আগামী ৭ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ সময়সীমা নির্ধারণ করেন।

এদিকে মামলার আসামির তালিকায় আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে এসেছে। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

শাপলা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত ও বিচারিক কার্যক্রম এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর মামলাটি নতুন মোড় নিতে পারে এবং দীর্ঘদিনের আলোচিত এই ঘটনার বিচার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD