ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং পরে এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন গণমাধ্যমকে জানান, মামলায় উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
মামলার আবেদনে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু।
এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রশাসনিক প্রিন্সিপাল মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজউক চেয়ারম্যান এবং উত্তরা অঞ্চলের ফিল্ড সুপারভাইজারের নামও মামলার আবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের সামনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় ৩৬ জন প্রাণ হারান, যাদের অধিকাংশই ছিল শিশু শিক্ষার্থী।
বিজ্ঞাপন
ঘটনার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে গত ৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণরত পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়, যার ফলে প্রাণহানির ঘটনা ঘটে।








