Logo

হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মে, ২০২৬, ১৫:২৬
হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরু
ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতাসহ দুইজনকে কথিত ক্রসফায়ারে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৭ জুন সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলায় বর্তমানে গ্রেপ্তার আছেন উজিরপুর থানার সাবেক এএসআই মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন। অপর দুই আসামি সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার এহসান উল্লাহ পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

নিহত দুইজন হলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

বুধবার গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। পরে আদালত জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর আদালত আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর শহিদুল ইসলাম সরদারসহ অন্যরা শুনানিতে অংশ নেন। আসামিপক্ষের আইনজীবীরাও আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে ১৪ মে গ্রেপ্তার দুই আসামির পক্ষে আইনজীবী আবুল হাসান অব্যাহতির আবেদন করে দাবি করেন, তার মক্কেলরা ঘটনার সঙ্গে জড়িত নন। একইভাবে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনও অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছিলেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় অভিযোগ গঠনের জন্য পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত বুধবার আদেশ দেন।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তাদের সরিয়ে দিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পনা করা হয়। অভিযোগে বলা হয়েছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি মিথ্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে কথিত ক্রসফায়ারের ঘটনা সাজিয়ে তাদের হত্যা করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD