ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ: দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল ফিতরের আগেই মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা সম্ভব হবে। তবে ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে ভবিষ্যতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকে। তাই রিপোর্ট পাওয়ার পরই পুলিশ দ্রুত চার্জশিট দাখিল করবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে। আর ঈদের ছুটির পরপরই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম শুরু হবে।
উচ্চ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার অনুমোদন (ডেথ রেফারেন্স) প্রক্রিয়া দীর্ঘ হওয়া নিয়ে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে রায় দেওয়ার পর হাইকোর্টে অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু পেপার বুক বা মামলার নথি প্রস্তুত করতে সময় বেশি লাগে, ফলে রায় কার্যকর হতে দেরি হয়। এ প্রক্রিয়া সহজ ও দ্রুত করার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।








