মাত্র ২৯ দিনে ধর্ষণ মামলার রায় ঘোষণা, এক জনের মৃত্যুদণ্ড

মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
বিজ্ঞাপন
রবিবার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত জরিমানার অর্থ আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিমের পরিবারকে পরিশোধের নির্দেশ দেন।
এ মামলায় দেশের ইতিহাসে প্রথমবার মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে স্বশরীরে ও ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে সাক্ষ্য ও জেরা সম্পন্ন করা হয়, যা দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে। মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন পঞ্চম শ্রেণির মেয়ে তার বাবাকে বাড়ির পাশের মাঠে খাবার দিতে যাওয়ার সময় ধর্ষক শাকিল হোসেন ধারালো হাঁসুয়া দিয়ে হত্যার ভয় দেখিয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে শিশুর বাবা গাংনী থানায় ধর্ষণ মামলা করেন।
রায় ঘোষণার সময় আদালতে বাদী ও আসামিপক্ষের আইনজীবী এবং আসামি উপস্থিত ছিলেন।








