হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা একটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা থাকছে না।
বিজ্ঞাপন
বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
আদালতের এ আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিসিবির নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা নেই।
বিজ্ঞাপন
রিটের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী এবং শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতিদের কাছে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠায় বিসিবি।
পরে ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে গত ১৮ মে হাইকোর্টে রিট আবেদন করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। আবেদনকারীদের মধ্যে আরও ছিলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ এবং মো. রাকিবুল ইসলাম।
বিজ্ঞাপন
হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ায় বিসিবির আসন্ন নির্বাচন আয়োজনের সব আইনি জটিলতার অবসান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








