Logo

২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পাবে না পেনশন: আপিল বিভাগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই, ২০২৬, ২১:৩১
২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পাবে না পেনশন: আপিল বিভাগ
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মচারী স্বেচ্ছায় পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, আইনসভা যৌক্তিক বিবেচনায় এমন বিধান করেছে যে, ২৫ বছরের চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে সংশ্লিষ্ট ব্যক্তি পেনশনসহ এ ধরনের সুবিধার অধিকারী হবেন না।

বিজ্ঞাপন

হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ৯ জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়টি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব।

মামলার নথি অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে বিচার বিভাগে যোগ দেন। প্রায় ১৯ বছর চাকরি করার পর ২০১১ সালের ৩১ জানুয়ারি অতিরিক্ত জেলা জজ থাকা অবস্থায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে ২০১৫ সালে চাকরির ১৯ বছরের ভিত্তিতে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক সুবিধা চেয়ে আইন মন্ত্রণালয়ে আবেদন করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ২৫ মার্চ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় আইন মন্ত্রণালয়কে জানায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পূর্ববর্তী চাকরিকাল বাজেয়াপ্ত হয় এবং তা পেনশনের জন্য গণ্য করা যায় না। যেহেতু তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়নি, তাই প্রচলিত আইন অনুযায়ী তিনি পেনশনের জন্য যোগ্য নন।

এই সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে হাইকোর্টে রিট আবেদন করেন মাহবুব মোরশেদ। শুনানি শেষে ২০২১ সালের ১৮ মার্চ হাইকোর্ট ২০১৫ সালের ওই চিঠিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন এবং চাকরির মেয়াদ অনুযায়ী তার পেনশন ও অন্যান্য প্রাপ্য সুবিধা ৯০ দিনের মধ্যে নির্ধারণের নির্দেশ দেন।

পরে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে ২০২২ সালের ২৪ অক্টোবর আপিল বিভাগ তা গ্রহণ করেন এবং হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক অংশ নেন। অন্যদিকে রিটকারী মাহবুব মোরশেদ নিজেই নিজের পক্ষে শুনানি করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রায়ের বিষয়ে মাহবুব মোরশেদ জানিয়েছেন, প্রত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর পুনর্বিবেচনার আবেদন করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD