Logo

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১৪ জুলাই, ২০২৬, ১৪:৪৭
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আবুল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় অনুযায়ী, সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক) ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর চার আসামি অভিযোগ থেকে খালাস পেয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহপরান মাজার এলাকা থেকে ফেরার সময় এমসি কলেজের প্রধান ফটকের সামনে এক দম্পতির প্রাইভেটকার থামিয়ে তাদের ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে আটকে রেখে গাড়ির ভেতরে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় দম্পতির কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া এবং তাদের গাড়ি আটকে রাখার অভিযোগও ওঠে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার রাতেই ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে তদন্তে আরও দুই ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। একই ঘটনায় গাড়ি আটকে চাঁদা আদায়ের অভিযোগে দায়ের হওয়া পৃথক মামলাটিও একসঙ্গে বিচারাধীন রয়েছে।

ঘটনার পর আসামিরা আত্মগোপনে গেলেও তিন দিনের মধ্যে পুলিশ ও র‌্যাবের অভিযানে আটজনই গ্রেপ্তার হন। তদন্ত চলাকালে কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের সঙ্গে আলামতের মিল পাওয়া গেছে।

বিজ্ঞাপন

২০২১ সালের ৩ ডিসেম্বর শাহপরান থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলার রায় ঘোষণা করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD