শাপলা চত্বর মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে, শুনানি ৩ সেপ্টেম্বর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিজ্ঞাপন
রবিবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন সকালে মামলার নয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।
আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিজ্ঞাপন
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর জহিরুল আমিন আদালতকে জানান, শেখ হাসিনাসহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়ে তাদের খুঁজলেও সবাইকে পাওয়া যায়নি।
তিনি জানান, এসব আসামির মধ্যে ২০ জনের বিষয়ে পূর্ণ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা পড়েছে। বাকি আসামিদের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রসিকিউশনের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু না হওয়ায় মানবতাবিরোধী অপরাধের অন্য মামলায় সাজাপ্রাপ্ত হাসানুল হক ইনু এবং অন্য একটি মামলায় গ্রেপ্তার আবদুর রাজ্জাককে এদিন ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি।
এ কারণে পরবর্তী শুনানির জন্য সময় চায় প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি এবং নন-এক্সিকিউশন রিপোর্ট বা এনইআর জমা দেওয়ার জন্য ৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন।
মামলায় ৪১ আসামি
বিজ্ঞাপন
শেখ হাসিনা ছাড়া এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও ওমর ফারুক চৌধুরী।
এ ছাড়া সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, জিয়াউল আহসানসহ সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।
মামলায় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিসহ মতিঝিল ও ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কয়েকজন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুই অভিযোগে শাপলা চত্বর ও সিদ্ধিরগঞ্জের ঘটনা
মামলায় দুটি পৃথক অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জন নিহত হওয়ার ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৪১ আসামির বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা পরোয়ানা এবং গ্রেপ্তার থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য ১৬ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছিল।








