পাঁচ শরিয়াহ ব্যাংক অকার্যকর ঘোষণা, নিয়েছে একীভূতকরণের উদ্যোগ

অর্থনৈতিক দুরবস্থা ও গভীর তারল্য সংকটে থাকা শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে মার্জার বা একীভূতকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞাপন
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পাঠানো পৃথক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশ এবং বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অকার্যকর ঘোষিত ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
বিজ্ঞাপন
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৫ নভেম্বর থেকে এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত থাকবে। এখন থেকে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের অধীনে তাদের কার্যক্রম পরিচালিত হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, একীভূত প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন একটি সরকারি মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠন করা হবে, যার নাম হতে পারে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এর অংশ হিসেবেই আজ পর্ষদ বিলুপ্ত করা হয়েছে।
এ বিষয়ে বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন। এর আগে, সকালেই সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে নেওয়া হয়। বৈঠকে তাদের কাছে একীভূতকরণ ও অকার্যকর ঘোষণার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞাপন
এর আগে গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ সরকারি মালিকানাধীন একটি ইসলামি ব্যাংক গঠনের অনুমোদন দেয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরেরও বেশি সময় ধরে এই পাঁচ ব্যাংক ভয়াবহ আর্থিক সংকটে রয়েছে। তারল্য ঘাটতি, বিপুল অঙ্কের খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি এবং মূলধনের ঘাটতির কারণে তারা কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংক একাধিকবার আর্থিক সহায়তা দিলেও তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং শেয়ারবাজারে এসব ব্যাংকের শেয়ারমূল্য তীব্রভাবে কমে গেছে এবং প্রতিটি ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) এখন ঋণাত্মক অবস্থায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে ইসলামি ব্যাংকিং খাতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।








