গভর্নর অপসারণের খবরে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে অপসারণ করা হচ্ছে—এমন খবরে দেশের শেয়ার বাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। মাত্র ১০ মিনিটের ব্যবধানে পতন থেকে ঘুরে দাঁড়ায় সূচক। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ দিনের বেশিরভাগ সময় সূচক ঋণাত্মক ছিল। লেনদেন শেষ হওয়ার প্রায় ১৫ মিনিট আগেও বাজার নিম্নমুখী অবস্থায় ছিল।
বিজ্ঞাপন
এ সময় বাজারে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। খবরটি ছড়িয়ে পড়তেই বিনিয়োগকারীদের মধ্যে কেনার প্রবণতা বাড়ে এবং সূচক দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে এ পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং প্রক্রিয়া শেষে বিষয়টি চূড়ান্ত হতে পারে।
বিজ্ঞাপন
বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেন শুরুর পর থেকেই দরপতনের তালিকা বড় হতে থাকে। তবে শেষ মুহূর্তে গভর্নর অপসারণের খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলে। অনেক বিনিয়োগকারী শেয়ার কেনা বাড়িয়ে দিলে বেশ কিছু কোম্পানি দরপতনের তালিকা থেকে বেরিয়ে আসে। যদিও সার্বিকভাবে দরপতনের তালিকায় প্রতিষ্ঠান বেশি ছিল, তবুও সূচক বাড়িয়ে দিন শেষ হয়।
দিনশেষে ডিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির।
খাতভিত্তিক হিসাবে, ভালো লভ্যাংশ প্রদানকারী (১০% বা তার বেশি) ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৩৭টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
বিজ্ঞাপন
‘জেড’ শ্রেণিভুক্ত ৫৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩টির দর বেড়েছে, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ৫,৫৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১,১০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২,১৫১ পয়েন্টে পৌঁছেছে।
বিজ্ঞাপন
তবে লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ৪৭ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ২৫৯ কোটি ৪২ লাখ টাকা কম।
লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিটি ব্যাংক—৪২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক-এর লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৭ লাখ টাকা এবং তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়া-এর লেনদেন হয়েছে ১৫ কোটি ৫০ লাখ টাকার।
বিজ্ঞাপন
লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরও ছিল রবি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, কে অ্যান্ড কিউ, ইস্টার্ন ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বিডি থাই ফুড।
অন্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়েছে। সেখানে ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির দর বেড়েছে, ৮৪টির কমেছে এবং ১৭টির অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় কম।








