সীমিত পরিসরে যেসব এলাকায় আজও খোলা থাকবে ব্যাংক

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরসংলগ্ন এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে এসব গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাহকদের জন্য সীমিত আকারে সেবা দিচ্ছে ব্যাংকগুলো।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় গ্রাহক লেনদেনের সময়সূচি নির্ধারণ করবে। এর ফলে প্রয়োজন অনুযায়ী সময় ঠিক করে সেবা প্রদান করা হবে বলে জানা গেছে।
সোমবার (১৬ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট। পরে নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়।
বিজ্ঞাপন
নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এসব এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আন্তর্জাতিক বাণিজ্য সংশ্লিষ্ট কার্যক্রম সচল রাখতে আজ থেকেই সীমিত আকারে ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে।
এ ছাড়া শিল্পাঞ্চলভিত্তিক বিশেষায়িত ব্যাংক শাখাগুলো ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) খোলা থাকবে। এ দুই দিন ব্যাংকের কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। গ্রাহক লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ সময়সূচির মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
বিজ্ঞাপন
এই সুবিধার আওতায় থাকবে দেশের প্রধান পোশাকশিল্পঘন এলাকা—সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম।
এদিকে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী সময়সূচিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
উল্লেখ্য, আগামী ২১ মার্চ যদি ঈদুল ফিতর উদ্যাপিত হয়, তাহলে সেদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
বিজ্ঞাপন








